প্রিন্ট এর তারিখঃ Nov 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শাল্লা উপজেলা চাকুয়া গ্রামের
কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তী (৭৮) আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ২টা ১৯ মিনিটে মৌলভীবাজারে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভুক্ত নিয়মিত সংগীতশিল্পী ছিলেন। ভাওয়াইয়া সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পর্যায়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।দীর্ঘদিন রংপুরে অবস্থান করে উত্তরবঙ্গের সংগীত পরিবেশনের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন।
একই সঙ্গে একজন সুরকার ও গীতিকার হিসেবেও তাঁর পরিচিতি ছিল। তিনি ছিলেন প্রখ্যাত প্রয়াত সংগীতশিল্পী রাসবিহারী চক্রবর্তীর সন্তান। সংগীতের আবহেই তাঁর বেড়ে ওঠা এবং সুরের সাধনায় কেটেছে জীবনের দীর্ঘ সময়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত রেখে গেছেন।
তাঁর প্রয়াণে সংগীতাঙ্গন হারাল এক গুণী, সৃজনশীল ও নিবেদিতপ্রাণ শিল্পীকে। সুরের মূর্ছনা, সংগীতের সাধনা এবং সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে যে ভালোবাসা ও শ্রদ্ধার আসন গড়ে তুলেছিলেন, তা দীর্ঘদিন অমলিন থাকবে। তাঁর সুর, গান ও শিল্পীসত্তা বেঁচে থাকবে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে।
একজন গুণী শিল্পীর এই প্রস্থান সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর চলে যাওয়ায় সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪